বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের কল্যাণে উল্লেখযোগ্য কাজ হয়নি; বড় প্রকল্পের আড়ালে দুর্নীতির বিস্তার ঘটেছে। তিনি স্মরণ করিয়ে দেন, জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র উন্নয়ন কার্যক্রম খালেদা জিয়ার আমলে সম্প্রসারিত হয়েছিল, কিন্তু বর্তমানে তা স্থবির। ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প পুনরায় সচল করা, খাল খনন এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
পদ্মা তীরবর্তী মানুষের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। তার ভাষ্য, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিস্তৃত অঞ্চলের মানুষ উপকৃত হবে। রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, দেশ কোন পথে এগোবে, তা নির্ধারণের দায়িত্ব জনগণের। গণতন্ত্র টিকে না থাকলে জনগণমুখী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন। গণতান্ত্রিক ধারাকে অটুট রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। অপ্রয়োজনীয় সমালোচনায় না গিয়ে জনগণের প্রয়োজনের কথাই তিনি সামনে রাখতে চান।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত এবং আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান।