শুক্রবার (৪ সেপ্টেম্বর) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী ডিএম সাহেব নগর গ্রামে ঘটনাটি ঘটে। আটক সুজন আকাশ উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
এ ঘটনায় ডিএম সাহেব নগর গ্রামের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে সুজনের বিরুদ্ধে পরশুরাম থানায় প্রতারণার মামলা করেছেন।
স্থানীয়রা জানান, সুজন বিএনপির একটি পুরোনো মতবিনিময় সভার ডেলিগেট কার্ড ব্যবহার করে নিজেকে সংশ্লিষ্ট পরিচয় দেওয়ার চেষ্টা করেন। কার্ডটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর ছবি ছিল বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ওই কার্ড গলায় ঝুলিয়ে তিনি সাহেব নগর গ্রামের বিভিন্ন বাড়িতে যান এবং দরিদ্র পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ড কিংবা সরকারি সহায়তার কার্ড করে দেওয়ার কথা বলেন।
ডিএম সাহেব নগরের বাসিন্দা আবদুর রহমান জানান, কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে সুজন অন্তত পাঁচটি পরিবারের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২২০ টাকা করে আদায় করেন। এ ছাড়া স্থানীয় কয়েকজন নারীর কাছ থেকে পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও সংগ্রহ করেন তিনি।
একপর্যায়ে তার কর্মকাণ্ড ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে ফ্যামিলি কার্ড দেওয়ার দায়িত্ব কে দিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি বলে জানান স্থানীয়রা।
এরপর সুজনকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পরশুরাম থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম বলেন, উপজেলা বিএনপির একটি সাংগঠনিক সভার পুরোনো ডেলিগেট কার্ড গলায় ঝুলিয়ে সুজন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ থেকে ১ হাজার ২২০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয়রা সুজন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।