বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত সামরিক অনুশীলন ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী, সেনা বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। মহড়ার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, মার্কিন দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সদস্যরা।
এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেয়। অংশগ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য ও ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য।
আইএসপিআর জানায়, মহড়ার মাধ্যমে জরুরি ও প্রতিকূল পরিস্থিতিতে বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কৌশল অনুশীলন করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বিনিময়, যৌথ কার্যক্রমে আস্থা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যও সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
এছাড়া চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদানের মাধ্যমে মহড়াটি মানবিক ও স্থিতিশীল সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়