রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রকাশিত এক পোস্টে জানানো হয়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। জনস্বার্থে পরিবেশ পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের দিকে যাওয়ার পথে তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে জড়ো হন বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক। প্রায় সাড়ে ছয় কিলোমিটারজুড়ে এই যাত্রাপথে ছিল অভূতপূর্ব জনসমাগম। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই ঐতিহাসিক গণজমায়েতের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য তৈরি হয়েছে, তা দ্রুত অপসারণ করাই পরিচ্ছন্নতা কর্মসূচির মূল লক্ষ্য।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন তার ফেসবুক পোস্টে নিশ্চিত করে বলেন, ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য জনস্বার্থ বিবেচনায় অপসারণে শুক্রবার সকাল থেকেই বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হচ্ছে।’
এই উদ্যোগে অংশগ্রহণকারী নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের আগাম ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন বলেন, পাশাপাশি বৃহস্পতিবারের গণসমাবেশে অংশ নেওয়া সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।