জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আগ্রাসনবিরোধী জনতার বিজয় হবেই, ইনশাআল্লাহ।”
তিনি জানান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাতের পর থেকেই পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। প্রথমে ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হলেও আন্দোলনকারীরা বাঁশ দিয়ে পুনর্নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে আবারও ভেঙে দেওয়া হয়। তবুও সেই প্রতীকী প্রতিজ্ঞা থেকে সরে আসেনি কেউ।
আখতার লিখেছেন, “শহীদ আবরার আমাদের অনুপ্রেরণা। তার শাহাদাতের প্রথম বার্ষিকীতে রাতের আঁধারে আমরা তরুণরা একত্রিত হয়ে আট স্তম্ভ নির্মাণ করেছিলাম। সেই শপথ আজও বহমান।”
তিনি আরও উল্লেখ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ের মাধ্যমে আট স্তম্ভ স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগে অগ্রণী ভূমিকা রেখেছেন। এবার সরকারের উদ্যোগেই ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ বাস্তবায়িত হচ্ছে, যা জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।
আখতার হোসেন বলেন, “অন্যায়ের বিরুদ্ধে এই প্রতীক সারা দেশে ছড়িয়ে পড়বে। আগ্রাসনবিরোধী আন্দোলনের জয় হবেই।”