তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং রাষ্ট্র পরিচালনায় দলের অভিজ্ঞতা রয়েছে। তিনি দাবি করেন, দেশের বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান দিতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, একটি দল ‘স্বৈরাচারের ভাষা’ ব্যবহার করে দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এছাড়া ‘আমি-ডামি’ ও ‘নিশিরাতের ভোট’ ব্যবস্থার সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান।
বিকেল ৪টার পর জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকেই জানান, দলীয় প্রধানকে সরাসরি দেখার আগ্রহে আগে থেকেই তারা উপস্থিত হন।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে তার গাড়িবহর রওনা হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান। জনসভাকে ঘিরে আগের দিন ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, দীর্ঘ বিরতির পর তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ রয়েছে। জনসভায় ময়মনসিংহ বিভাগীয় চার জেলার ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টা এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় আরও দুটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।