ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার অংশগ্রহণে কোনো আইনি জটিলতা রইল না।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ আসে। একইসাথে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের নির্দেশ বহাল থাকে।
শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, কারও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে প্রার্থিতা বাতিল হয়নি। অভিযোগের ভিত্তিতেই একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির, ছাত্রদল, বামপন্থি ও গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ প্রায় ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন এবং ১৮টি হলের ১৩টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন। অভিযোগ ছিল, তিনি আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, অথচ এখন ছাত্রশিবিরের প্রার্থী হয়েছেন—যা প্রশ্নবিদ্ধ।
ছাত্রশিবির থেকে এবারের নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।