আলাল উদ্দিন আলাল ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম নেই। মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি ধানক্ষেতে গিয়ে শান্তিপূর্ণভাবে পুনর্বিবেচনার আবেদন জানান।
ফেসবুকে পোস্ট করা ছবিতে নেটিজেনরা প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনার ব্যতিক্রমী আবেদনকে স্যালুট জানাই’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘ছবি যখন কথা বলে, তখন ক্যাপশনের দরকার পড়ে না’। এই প্রতিবাদকে অনেকেই সুস্থ রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ হিসেবে দেখছেন।
আলালের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ে দলের আদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং হামলা-মামলার শিকারও হয়েছেন। তাই মনোনয়ন পাওয়ার অধিকার ছিল তার। অন্য প্রার্থীরা যেখানে বিক্ষোভ করছেন, আলালের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।
আলাল উদ্দিন বলেছেন, “ফেনীর রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদের ধারা সময়ের সাথে বদলেছে। এখন আমরা নতুন যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। আমি চাই ফেনী-২ আসনটি ‘রিভিউ’ হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এটি পুনর্বিবেচনা করুন।”
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি আসনের প্রার্থী তালিকা ৩ নভেম্বর ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনী-০১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ (সদর) আসনে অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-০৩ (সোনাগাজী ও দাগনভুঞা) আসনে আব্দুল আউয়াল মিন্টু প্রতীকে লড়বেন।