স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ১৫ থেকে ২০ জন যুবক মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে যান। সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত) তাঁদের নেতৃত্ব দেন। বাড়ির ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাঁরা আগুন ধরিয়ে দেন। এ সময় ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ বলেন, মিছিল নিয়ে আসা যুবকেরা বাড়ির কয়েকটি স্থানে আগুন দেন। পরে ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শামীম ওসমানের জামতলার ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন উত্তর চাষাঢ়ায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা হয়। সরকারি-বেসরকারি আরও কয়েকটি স্থাপনায় সেদিন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।