রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স না আসা আট ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত, দুটি বেসরকারি এবং চারটি বিদেশি ব্যাংক।
ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২২ দিনে দেশে মোট ২১৪ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে ২০ ও ২২ আগস্ট দুই দিনেই এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলার।
গত বছরের আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।
চলতি মাসের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ৭৬ লাখ ডলার। সবচেয়ে বেশি ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ ডলার।