স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তাই জাতীয় স্বার্থে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া উচিত।”
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী আলোচনায় শ্রমিক আইন, ব্যবসায়িক পরিবেশ ও এলডিসি উত্তরণ প্রসঙ্গ উঠে আসে।
আমীর খসরু আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে, বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অর্থনীতি ও শিল্পখাতের টেকসই উন্নতির জন্য সময় প্রয়োজন।”
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, “আমরা উত্তরণ পুরোপুরি বাতিল চাই না। তবে অবকাঠামো ও বাজার প্রস্তুতির জন্য অন্তত আরও তিন বছর সময় প্রয়োজন।”
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ সম্পন্ন করবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারকে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে।