আজ শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ সরকারের সীমিত সামর্থ্যের মধ্যে প্রায় এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আমরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছি। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী হওয়া বাংলাদেশের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত হুমকি হয়ে উঠছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এই সংকট মোকাবেলায় কূটনৈতিক ব্যর্থতা দেখিয়েছে। "সরকারের দুর্বল কূটনৈতিক প্রচেষ্টা এবং মিয়ানমারের সঙ্গে কার্যকর আলোচনার অভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার থমকে যাচ্ছে," — বলেন তিনি।
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং ওআইসি-সহ মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা মিয়ানমার সরকারের ওপর কঠোর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “এই মানবিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটি একটি আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা। একে রাজনৈতিকভাবে সমাধান করতে না পারলে ভবিষ্যতে আরও বড় মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।”
বিশ্ব শরণার্থী দিবসে তারেক রহমান রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “তাদের জীবন-সংগ্রাম, দুর্দশা ও অধিকার আদায়ের সংগ্রামে আমরা পাশে আছি।”