স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিরোধ ও মতানৈক্যের কারণে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারের অচলাবস্থা চলছে। যদিও সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, স্থানীয় নির্বাচনে অগ্রগতি ব্যাহত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আঞ্চলিক বৈষম্য নিরসনে চলমান কাজের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে ২৩টি প্রকল্প সংশোধন করা হয়েছে। রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয়, তবে সদিচ্ছা থাকলে সময়ের সঙ্গে পরিবর্তন আসবে।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে নির্বাচনী প্রক্রিয়া আরও গতিশীল হবে।”
স্থানীয় সরকার কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে শূন্যপদে সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, ফলে তাদের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড ভেঙে দিলে প্রশাসনিক সংকট তৈরি হবে, কারণ পর্যাপ্ত কর্মকর্তা নেই। তবে ফ্যাসিবাদী নেতৃত্বাধীন কিছু চেয়ারম্যান ৫ আগস্টের পর পালিয়ে যাওয়ায় সেসব এলাকায় প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে।