বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদারদের অন্যতম। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার নীতিকে গুরুত্ব দিয়ে থাকে। পারস্পরিক শ্রদ্ধা ও উভয় দেশের অভিন্ন স্বার্থকে ভিত্তি করে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়েও সাক্ষাতে আলোচনা হয়। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে দুই দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটিকে আরও ভারসাম্যপূর্ণ এবং উভয়ের জন্য লাভজনক করার সুযোগ রয়েছে।
রোহিঙ্গা সংকটের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।