মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এ ঘটনার প্রেক্ষিতে কয়েকটি স্থানে সামান্য অশান্তি দেখা দিয়েছে, যা বৈঠকে তুলে ধরা হয়েছে।
পুলিশ কমিশনের বিষয়টি বৈঠকে আলোকপাত হয়নি, তবে শিগগিরই তা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমিশনের কার্যক্রম ও সুবিধা চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে লুট হওয়া অস্ত্র এবং কার্গো ভিলেজে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সিনিয়র সচিব। ইতিমধ্যেই কিছু দেশের বিশেষজ্ঞরা কমিটিতে যুক্ত হয়েছেন। তবে চুরি হয়েছে কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে। যদি প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনও চালু রয়েছে এবং কার্যক্রম অব্যাহত আছে।
বিগত নির্বাচনে কাজ করা ওসিদের বিষয়ে তিনি জানান, তথ্যের সীমাবদ্ধতার কারণে প্রথমে তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর দুই নির্বাচনে কাজ করা কর্মকর্তাদের যাচাই করা হবে, এবং প্রয়োজন হলে এক নির্বাচনে কাজ করা কর্মকর্তাদেরও বাদ দেওয়া হবে। এই মুহূর্তে নতুন ওসি নিয়োগ দেওয়া সম্ভব নয়।