রোববার (১৭ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাদের জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে, সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, বিশ্বের আরও অনেক দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা যায় এবং শেষ পর্যন্ত একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে।
রাষ্ট্রদূত রমাদান বৈঠকে গাজায় চলমান মানবিক সংকটের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, “খাবার নেই, ওষুধ নেই—শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।”
এ সময় তিনি বাংলাদেশের জনগণের মানবিক সহায়তা ও সরকারের সক্রিয় সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, বহু বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন, যা ফিলিস্তিনের জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠছে।
তিনি ফিলিস্তিনি অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান এবং বাংলাদেশের সরকারের প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।