শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচন নিয়ে বলেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো ধরনের বাধা নেই। সরকার ইতোমধ্যেই এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সচেষ্ট রয়েছে।
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন ভোটমুখী, তাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন বানচালের চেষ্টা যারা করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। তবে নির্বাচনের আগে এ অভিযান আরও জোরদার করা হবে।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং সীমান্ত এলাকার মানুষও অত্যন্ত সতর্ক।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রোপাগান্ডা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ, তাই সবাই মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণ।