অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আক্ষেপ করে এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’
পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে কর্মকর্তারা উৎসাহিত হন না, তার আরেকটি উদাহরণ তৈরি হয়েছে তার পোস্টিংয়ের মাধ্যমে বলে উল্লেখ করেন তিনি। আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ডাম্পিং পোস্টিংয়ে ছিলেন জানিয়ে রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে তিনি কিছু মনে করেননি, এখনো করবেন না।
তিনি লিখেন, ‘শুধু এটুকু বলব, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মত উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।’
১০০ শতাংশ সততা ও স্বচ্ছতা নিয়ে কাজ করার পরও এমন ফল পেতে হলে তার আর কিছু বলার নেই বলেও উল্লেখ করেন তিনি। এই ডিপার্টমেন্ট তার জন্য নয় জানিয়ে রেজাউল করিম লিখেন, অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। ‘আমার আর বোধ হয় চাকরি করা হল না’ বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টের একটি অংশে নিজের পদায়নের কারণ সম্পর্কেও ব্যাখ্যা দেন রেজাউল করিম। তিনি লিখেন, ‘অনেকেই জানতে চাইবেন আসলে কেন এই অর্ডার। আমি যতটুকু জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের পদায়ন নিয়ে যুগান্তরে একটি নিউজ হয়েছিল সেটা আমি শেয়ার দিয়েছিলাম, আর পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তার জবাব দিয়েছিলাম।’
তিনি আরও লিখেন, পরে ওই শেয়ার করা নিউজটি ডিলিট করে দিয়েছিলেন। কিন্তু এরপরও তাকে সংযুক্ত করা হয়েছে। তার ভাষায়, ‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন।’

পোস্টের শেষদিকে বাংলাদেশ পুলিশ এবং তথাকথিত ভালো কর্মকর্তাদের ভালো থাকার প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘ভাল থাকুক বাংলাদেশ পুলিশ, ভাল থাকুক সেই সকল তথাকথিত ভাল অফিসাররা।’