শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা প্রতিনিয়ত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হচ্ছেন এবং সব ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তাঁর সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ ভূমিকা আজও জনগণের মাঝে অনুপ্রেরণার উৎস।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীর কাছে দোয়া চেয়ে জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেডিকেল বোর্ড তাঁর অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করেছে।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়োজিত। গত রোববার রাতে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ১৫ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন খালেদা জিয়া।