বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলনই এই দায়িত্ব গ্রহণ।
ড. ইউনূস বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চ্যালেঞ্জপূর্ণ এই সময়ে তাঁর নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে, নেপালের নতুন নেতৃত্ব দুই দেশের বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
বার্তায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ড. ইউনূস। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তার শেষে প্রধান উপদেষ্টা সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং নেপালের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য আন্তরিক শুভকামনা জানান।