বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাবে আওয়ামী লীগ সরকারের আমলে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সরকারের হিসাবে এ সংখ্যা ২ হাজারের বেশি। এত হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমা চায়নি, এমনকি দুঃখ প্রকাশও করেনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আওয়ামী লীগ জঙ্গিবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। এখন দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলেও দেশের মানুষ তা মেনে নেবে না।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার চিন্তিত নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে ফিরবেন, সেটি নিয়ে সরকারের উদ্বেগ নেই। তবে দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি বলেন, অপরাধের অভিযোগে একজন সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
এদিকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ও মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এখনই কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এ ঘটনায় আগে প্রাথমিক তদন্ত শেষ হওয়া প্রয়োজন। মরদেহের ময়নাতদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে কথা বলবেন।