ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদে অংশগ্রহণ না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তীতে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. খালিদ হোসেন বলেন, “এনসিপির যেসব দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে। জুলাই সনদ সবার জন্য উন্মুক্ত।”
উপদেষ্টাদের নিরাপদ প্রস্থান (সেইফ এক্সিট) প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি। আমার ঢাকা বা চট্টগ্রামে কোনো বাড়ি নেই, বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, “আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন দেশ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। অর্থনীতি, আইনশৃঙ্খলা—সবকিছুই অস্থির ছিল। গত ১৫ মাস ধরে আমরা দিনরাত পরিশ্রম করে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এখন দেশের অবস্থা অনেক ভালো।”
ধর্ম উপদেষ্টা জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।