কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ধারা ও আদর্শ আবারও ফেরার একটি পথ খোলা রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার ব্যাখ্যা ব্যবহার করে এই সুযোগ তৈরি করা হচ্ছে।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের শেষ পর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদের প্রথম অধিবেশন প্রত্যাশা পূরণ করতে পারেনি। সংস্কার বাস্তবায়ন নিয়ে যে আলোচনা হওয়া দরকার ছিল, তা না হয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে গণতান্ত্রিক কাঠামো বারবার বাধাগ্রস্ত হয়েছে। একপর্যায়ে একদলীয় ব্যবস্থা, পরে বহুদলীয় গণতন্ত্রের দাবি থাকলেও বাস্তবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কেবল সংশোধন নয়, মৌলিক পরিবর্তন না হলে টেকসই সমাধান আসবে না। পুরোনো কাঠামো থাকলে যেকোনো সময় আগের রাজনৈতিক প্রবণতা ফিরে আসার ঝুঁকি থেকে যাবে।
তার মতে, সংসদে আলোচনার সময় জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার যুক্তিতে আওয়ামী রাজনৈতিক ধারার পুনরাগমনের সুযোগ থেকে যাচ্ছে।