পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে রাউজানের ছত্তারঘাট এলাকায় ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে সংক্ষিপ্ত একটি মিছিল করেন। পুলিশের দাবি, মিছিলের সামনের সারিতে ছিলেন বিএনপি নেতা সেলিম উদ্দিনের ছেলে সজীব।
এর প্রায় ১৮ ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। চার-পাঁচটি মোটরসাইকেলে আসা যুবকেরা পুলিশ পৌঁছানোর আগেই হাটহাজারীর দিকে পালিয়ে যায়।
পুলিশ পরে আগুন নেভায় এবং সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছেন তাঁরা। তিনি বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে জানান তিনি। তবে রাতের ঘটনায় গুলি ছোড়া হয়েছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, নাশকতা ঠেকাতে তাঁরা এলাকায় পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের কাছ থেকে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে ছেলের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি জানার পর সেলিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম। তিনি বলেন, সেলিম উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। এর আগে তাঁকে কয়েকবার ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার বিষয়ে সতর্ক করা হয়েছিল। সোমবারের ঘটনার পর তাঁকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।