গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারি করা ১৪৪ ধারা ও কারফিউ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ আর কার্যকর থাকবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই সহিংসতায় কয়েকজন নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইদিন রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর দফায় দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়—বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল, দুপুরে তিন ঘণ্টার বিরতির পর আবার সন্ধ্যা পর্যন্ত, পরে রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এবং শেষত শনিবার রাতে আবারও কারফিউ জারি করা হয়।
রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাত ৮টার পর তা প্রত্যাহার করে জেলা প্রশাসন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত থাকবে।