টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়, বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববারের মিছিলে তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, রামদাসহ দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুরের পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
চলমান পরিস্থিতির মধ্যে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুদকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে তাঁর স্থলে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর অঞ্চলের বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, মোতায়েন করা ১৫০ জন বিজিবি সদস্য অন্যান্য বাহিনীর সঙ্গে সরকারি সম্পত্তি ও মানুষের জানমাল রক্ষায় কাজ করবেন।
এর আগে ১৩ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী। ওসি জানান, মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ রয়েছে, বাকি ২ হাজার জন অজ্ঞাতনামা।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে।