বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি বলেন, বাংলাদেশ ব্যবসা ও শিল্পায়নের নতুন সুযোগ তৈরিতে কাজ করছে এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের সেবা সহজ করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর প্রস্তুতিও চলছে।
তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বিনিয়োগ কাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে, যাতে বিনিয়োগকারীরা অধিক আস্থা ও সুরক্ষা পান।
সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা। এতে চীনের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।