বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।
বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেতনা জাগ্রত করে। পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দায়িত্ববোধ ও নৈতিকতার গুরুত্বও তুলে ধরে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঈদের আনন্দে অংশ নিতে পারলেই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
এ ছাড়া পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়ে দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি।