শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। তাদের আশঙ্কা, দেশের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে।
এ পরিস্থিতিতে মহানগর, বড় শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আশাদুজ্জামান। সোমবার তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নাশকতার আশঙ্কা দেখা দিলে ইউনিটপ্রধানদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। এর অংশ হিসেবে দেশজুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, রবিবার রাতে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের পর আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে রামপুরা-বনশ্রী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার ও রবিন নামে আরও দুজনকে আটক করা হয়।
এ ছাড়া গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই রাতে উত্তরায় এসআরবি-১ কার্যালয়ের সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ধোঁয়া স্টেশনে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর স্টেশনটি আবার চালু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া শ্যামপুরে একজনকে গ্রেপ্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সামনে এবং মিরপুরে সরকারি বাঙলা কলেজের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাঙলা কলেজের গেটসংলগ্ন কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। একই সময়ে পোস্তগোলায় একটি রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।
ধারাবাহিক এসব ঘটনার পেছনে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে ডিএমপি। আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চলছে।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ২৫০টি চেকপোস্ট বসিয়েছে ডিএমপি। তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
রাজধানীর বাইরে খুলনার দৌলতপুরে কৃষক দলের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে সেভ অ্যান্ড সেভের পাশে একটি টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে। ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি। দৌলতপুর থানার ওসি হালিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে জুলাই শহীদ সাগর চত্বরেও আগুন দেওয়া হয়েছে। এতে স্টিলের স্মৃতিফলকটি ক্ষতিগ্রস্ত হয়। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
অন্যদিকে কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাতের এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ ছাড়া বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান (৫৭) এবং চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রহমান (২৬)।