জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। বক্তব্যপর্ব শেষ হলে ধর্মীয় রীতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি জানাজাস্থলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনারসহ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ মোট ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি।
এর আগে সকাল ১১টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ ফ্রিজার ভ্যানে করে সেখানে আনা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন।