সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছরের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এখন থেকে রোজা শুরুর সম্ভাব্য সময় বাকি রয়েছে ১৩৯ দিন।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাসের চাঁদ জন্ম নেবে ইউএই সময় ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব নয়। তাই জ্যোতির্বিদদের হিসাবে, রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, যা শেষ পর্যন্ত চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
জ্যোতির্বিজ্ঞানী আল জারওয়ান আরও জানান, আবুধাবিতে রমজানের শুরুতে দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এই সময়ে দিনের আলোর দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।
আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাসের শেষ দিকে বৃদ্ধি পেয়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও মাসের শেষভাগে বসন্তকালীন উষ্ণ ও পশ্চিমা বাতাস প্রাধান্য পাবে।
এছাড়া, তিনি সতর্ক করে বলেন, রমজানজুড়ে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসাব অনুযায়ী, এ সময়ে ১৫ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।
সূত্র: গালফ নিউজ