ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমরা যে রোডম্যাপ তৈরি করেছি, সেটি আগামীকাল প্রকাশ করা হবে। ঢাকার বাইরে থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। এটি আমার টেবিলে রয়েছে, তাই আগামীকাল পর্যন্ত ধৈর্য ধরুন।”
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার ও সচিবের অংশগ্রহণে আজ একটি বৈঠকে নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করা হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, অনুমোদনের পর এখন শুধু টাইপিং বাকি আছে, এবং যেকোনো সময় রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে রোডম্যাপে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, এবং নির্বাচনী সরঞ্জাম ক্রয়সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।