বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক।’ তার অভিযোগ, অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টে আইনজীবীরা আমাকে ১১ বার নির্বাচিত করেছে। আমিই তো আইনজীবীদের কথা বলব, বিচারপ্রার্থীদের কথা বলব। অ্যাটর্নি জেনারেলের এখানে কোনো কাজ আছে? উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক। উনার বক্তব্য অনভিপ্রেত।’
তিনি আরও বলেন, ‘আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, উনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন? আমি শকড।’
এ সময় হাইকোর্টের কয়েকজন বিচারপতি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন মাহবুব উদ্দিন খোকন। এসব বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় আইনজীবীরা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদের জেরে আপিল বিভাগের এজলাস ছেড়ে যান প্রধান বিচারপতিসহ বেঞ্চের বিচারপতিরা। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়।
ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুস কাজলও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সেখানে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের কল্যাণ ও স্বার্থের কথা বিবেচনা করে প্রধান বিচারপতির কাছে কিছু কথা বলেছেন বলে দাবি করেছেন। তবে মামলার কার্যধারায় এ ধরনের কোনো কথা বলা হয়নি।