ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের দাবিতে এই সমাবেশের আয়োজন করে রায়পুরা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, "আমাদের আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু যারা বাংলাদেশকে ভারত বানাতে চাইছে, সেইসব চাঁদাবাজ ও খুনিদের বাংলার মানুষ সংসদে দেখতে চায় না।" তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সচেতন হয়েছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একযোগে আন্দোলন করতে প্রস্তুত। তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচনের দাবি জানান।
রায়পুরা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ আব্দুল মতিন শিপলু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করেন।