ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ইরানের ‘বৈরী হামলা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত দুই দিনে এডিএনওসির জাহাজে এটি তৃতীয় হামলার ঘটনা বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) হরমুজ প্রণালি অতিক্রমের সময় কোম্পানিটির আরও দুটি জাহাজ হামলার মুখে পড়ার কথা জানানো হয়েছিল।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাল্ক ক্যারিয়ারে অজ্ঞাত কোনো প্রজেক্টাইল আঘাত করেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করা হয়নি।
ইরান এখন পর্যন্ত এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে সতর্ক করেছে তেহরান।
ইউএই প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজে একাধিক হামলার পরও সংযুক্ত আরব আমিরাত নিজেদের অবস্থান থেকে সরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুসরণ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করবে আবুধাবি।
একই সঙ্গে সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথকেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।