বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতারা এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ইরানকে ঘিরে উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে নেতারা বলেন, আঞ্চলিক সংকট সমাধানে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
জি৭ নেতারা জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়নে তারা সহযোগিতা করতে প্রস্তুত। পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় চালু হলে সেখানে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগও নেওয়া হবে।
এদিকে লেবাননের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নেতাদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং উত্তেজনা কমানোর পদক্ষেপ জরুরি।
বিবৃতিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, জ্বালানি সরবরাহের বিকল্প পথ সম্প্রসারণ এবং হরমুজ প্রণালির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা জোরদারে সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।