তিনি ফ্যাসিবাদী শাসন এবং তা মূলোৎপাটনে বিএনপির অবদান তুলে ধরে বলেন, “শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা পুনর্জাগরণের লক্ষ্যে বিএনপি অবিচলভাবে আন্দোলন চালিয়ে গেছে। সকল ধরনের নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপির লড়াই থেমে যায়নি।”
গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার অবদানের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “গণতন্ত্র যখনই ষড়যন্ত্র বা ধ্বংসের মুখে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া দৃঢ় ভূমিকা রেখে গণতন্ত্রকে রক্ষা করেছেন। পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য, এবং তা আমরা বিশ্বাস করি।”
সারাদেশে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, “দলের কেউ যদি কোনো অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির অবস্থান—‘জিরো টলারেন্স’। ইতোমধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারাদেশে বেশ কয়েকজন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেই জনগণ প্রমাণ করবে বিএনপি কতটা জনপ্রিয়। আমরা অবিলম্বে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।”