মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও একটি চুক্তির বিষয়ে আলোচনা করতে এই সফর হচ্ছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স ইসলামাবাদের পথে যাত্রা করবেন।
তবে ভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর যাত্রা সময় নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কোনো কোনো সূত্র বলছে, তিনি মঙ্গলবার সকালে রওনা দেবেন, আবার অন্য সূত্রের মতে সোমবার রাতেও যাত্রা শুরু হতে পারে। ওয়াশিংটন থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইটের সময় প্রায় ১৪ ঘণ্টা।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়ে ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির প্রতিনিধি দল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির অনুমোদন পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ইরান প্রকাশ্যে এই শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও জেডি ভ্যান্সের পাকিস্তান সফরের তথ্য নিশ্চিত করেছে, যদিও তারা কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও এই আলোচনায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে অংশ নেবেন।