শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে তার সরকার কঠোর অবস্থানে থাকবে। অবৈধভাবে ভারতে অবস্থানকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
কলকাতার পার্ক সার্কাসে পুলিশ সদস্যদের ওপর হামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুর ও সহিংসতার ক্ষতিপূরণও আদায় করা হবে বলে জানান তিনি।
ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্তের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য দেওয়া ভাতা বন্ধ করে সেই অর্থ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচিতে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে সুবিধা পায়।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামে জয় পাওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শুভেন্দু বলেন, মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দাবি করেন, জনগণ তার রাজনৈতিক অহঙ্কারের জবাব দিয়েছে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন তৃণমূল নেতার সম্পদের তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।