সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানের হাতে এ সম্মান তুলে দেন। ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে এবার জেনারেল শেঠ এই মর্যাদা পেলেন।
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে রয়েছেন জেনারেল শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সরকারের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত ও নেপালের মধ্যে এই সম্মানসূচক পদ দেওয়ার রীতি শুরু হয় ১৯৫০ সালে। এরপর থেকে দুই দেশের সেনাপ্রধানকে পালাক্রমে এ মর্যাদা দেওয়া হয়ে আসছে।
সফরকালে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। পরে সেনা সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।
এ ছাড়া ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন তিনি। এতে ভারত-নেপাল সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
জেনারেল শেঠের সফরকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখছে নেপাল ও ভারত।