ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সোমবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে ৫৪টি নৌকা ও জাহাজ নিয়ে গঠিত বহরের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। বহরে ৫ শতাধিক মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন, যারা গাজার ওপর আরোপিত অবরোধ অতিক্রম করে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের প্রথমে একটি ভাসমান আটককেন্দ্রে নেওয়া হবে। পরে তাদের আশদোদ বন্দরে স্থানান্তর করা হতে পারে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ফ্লোটিলার আয়োজকরা। তাদের দাবি, এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও মানবিক উদ্যোগ। তারা অভিযোগ করেন, গাজার অবরোধ টিকিয়ে রাখতে ইসরায়েল ‘জলদস্যুতার মতো’ আচরণ করছে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারের প্রতি হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়েছে।
এর আগেও গত ৩০ এপ্রিল গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আটকে দেয় ইসরায়েলি বাহিনী।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় স্থল, নৌ ও আকাশপথে কঠোর অবরোধ চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭৬৯ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৭০৪ জন আহত হয়েছেন। নিহতদের বড় অংশ নারী ও শিশু।