মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ওই এলাকার একটি গাড়িতে ছিলেন চালক। দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে সেটির কাছেই ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কয়েকজনের দাবি, ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, অনুষদের পার্কিং এলাকায় গাড়িটি রাখা ছিল। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তিনি নিজেও ফুটেজ দেখেছেন। বিস্ফোরণে গাড়িচালক ছাড়া আর কেউ আহত হননি। শিক্ষার্থীরাই তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হয়েছে। থানায়ও খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হবে।
এ ঘটনায় হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি অভিযোগ করেন, ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু কর্মচারী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় তিনি ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।