শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা চললেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিএনপি অতীতেও কোনোদিন মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। বিএনপি হঠাৎ সৃষ্টি হয়নি, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ভেতর দিয়েই এ পর্যায়ে এসেছে। এ দলকে ধ্বংস করার জন্য গুম-খুনসহ নানা দমননীতি চালানো হয়েছে, কিন্তু তাতে কখনো বিএনপিকে ভাঙা যায়নি। বরং যারা দমননীতি প্রয়োগ করেছে, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে আছে।
ফখরুল আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যাদের অবস্থান ছিল ভিন্নমুখী, তারাই আজ সমালোচনায় মুখর। অথচ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।