স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে লক্ষ্য করে এই সতর্কবার্তা দেন ট্রাম্প। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা মার্কিন সামরিক অভিযানের পক্ষেও যুক্তি তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। তার দাবি, ‘পিকঅ্যাক্স’ কিংবা ইরানের অন্য যেকোনো স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে, সে বিষয়ে ওয়াশিংটনের কাছে তথ্য রয়েছে।
তিনি আরও বলেন, সেখানে কোনো উদ্বেগজনক পরিস্থিতি বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এবং সেই হামলা হবে অত্যন্ত কঠোর।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, মাত্র পাঁচ মাসের মধ্যেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি ইরানের রাডার স্থাপন ও সেগুলো ধ্বংস হওয়া নিয়ে মন্তব্য করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে ইরান এখন ক্লান্ত হয়ে পড়েছে বলে তার ধারণা।
ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। যুক্তরাষ্ট্রের আগের হামলায় নাতাঞ্জের স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে।
ভূগর্ভে অবস্থিত এবং অত্যন্ত সুরক্ষিত হওয়ায় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’কে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে নতুন কোনো কার্যক্রম শনাক্ত হলে তা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে ট্রাম্পের বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।