রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনা উপস্থিতি যতদিন প্রয়োজন ততদিন বজায় থাকবে।
তিনি আরও জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অবস্থানও ইসরাইলের অপরিবর্তিত নীতি হিসেবে বহাল থাকবে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবানন সীমান্তে হুমকি মোকাবিলায় সেনাদের কার্যক্রমে কোনো ধরনের বিধিনিষেধ নেই। তার দাবি, নির্ধারিত নিরাপত্তা অঞ্চলে সেনারা অবস্থান করছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।
এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে সহিংসতা অব্যাহত থাকে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
অন্যদিকে হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তারাও সংঘাত থেকে বিরত থাকবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবস্থান নিয়ে তারা আপত্তি জানিয়েছে।
ইসরাইলি সামরিক প্রধান ইয়াল জামির দাবি করেন, হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদের পুনর্গঠন ঠেকাতে প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।